(শিক্ষা সপ্তাহ) স্কউট প্রতিবেদন,শিমুল হোসেন:
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ রোভার স্কাউট হিসেবে সম্মানিত হয়েছেন কালিগঞ্জ সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী ও সমাজসেবায় নিবেদিত তরুণ মোঃ মারুফ হাসান। শিক্ষা, স্কাউটিং ও মানবিক কর্মকাণ্ডে তার ধারাবাহিক সাফল্য ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ এ গৌরবজনক সম্মাননা প্রদান করা হয়।
গত ৮ জানুয়ারি (বৃহস্পতিবার) জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতা ও মূল্যায়ন কার্যক্রম শেষে তাকে শ্রেষ্ঠত্বের আসনে অধিষ্ঠিত করা হয়। পাঠ্যশিক্ষার পাশাপাশি স্কাউটিং কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ, সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবায় অসামান্য অবদানই তাকে এই মর্যাদায় অভিষিক্ত করেছে।
মোঃ মারুফ হাসান ইতোমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক সম্মাননা ও পুরস্কার অর্জনের মাধ্যমে নিজের যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। তিনি বর্তমানে কালিগঞ্জ উপজেলার সর্ববৃহৎ যুব সংগঠন জনকল্যাণ সংস্থা-এর পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত থেকে সমাজ উন্নয়নের নানা কার্যক্রমে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
স্কাউটিংয়ে তার সাফল্যের মুকুটে সর্বোচ্চ অলংকার হলো বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ সম্মাননা ‘প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জন। নেতৃত্বগুণ, শৃঙ্খলাবোধ ও সেবার মানসিকতায় সমৃদ্ধ এই অর্জন তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
তার এই কৃতিত্বে কালিগঞ্জ সরকারি কলেজ পরিবার, স্কাউটস সদস্যবৃন্দ, সামাজিক সংগঠনসমূহ এবং সর্বস্তরের উপজেলাবাসী গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা—ভবিষ্যতেও মোঃ মারুফ হাসান তার মেধা, নেতৃত্ব ও মানবিক চেতনার আলোয় দেশ ও সমাজ গঠনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাবেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আরিফুজ্জামান রাজু
জিমেইল/ নিউজ/CV: dailykakshiyali@gmail.com
ঠিকানা: কালীগঞ্জ, সাতক্ষীরা ,মোবাইল : 01637-734684