মারুফ হাসান, কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
(350.Org)-এর সহযোগিতায় এবং সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার আয়োজনে উপকূলীয় জেলা সাতক্ষীরার কালীগঞ্জে পালিত হয়েছে ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’। শুক্রবার (৮ মে) সকালে কালীগঞ্জ প্রেসক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক সচেতন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।
উপকূল রক্ষায় তরুণদের স্লোগান
জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব মোকাবিলা, উপকূলীয় জনগোষ্ঠীর সংকট নিরসন এবং জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানির প্রয়োজনীয়তা তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। কর্মসূচিতে অংশগ্রহণকারী তরুণরা বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার ও স্লোগানের মাধ্যমে বিশ্বনেতাদের কাছে জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।
অনুষ্ঠানে এস এম ফরাদ রেজা বলেন,"জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল বর্তমানে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে। ক্রমাগত ঘূর্ণিঝড়, লবণাক্ততা বৃদ্ধি এবং নদীভাঙনের ফলে আমাদের জীবন ও জীবিকা আজ হুমকির সম্মুখীন। এই সংকট মোকাবিলায় এখনই কার্যকর ও বৈশ্বিক পদক্ষেপ গ্রহণ করা জরুরি।"
আয়োজন নিয়ে রুবিয়া খাতুন তার বক্তব্যে বলেন, "পরিবেশবান্ধব ও টেকসই ভবিষ্যৎ গড়তে তরুণদের এই অগ্রণী ভূমিকা প্রশংসনীয়। এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং নীতিনির্ধারকদের সিদ্ধান্ত গ্রহণে চাপ সৃষ্টি করবে।"
স্ট্রাইক শেষে অংশগ্রহণকারীরা জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করে পরিবেশবান্ধব জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান। তারা উপকূলীয় অঞ্চলের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আরিফুজ্জামান রাজু
জিমেইল/ নিউজ/CV: dailykakshiyali@gmail.com
ঠিকানা: কালীগঞ্জ, সাতক্ষীরা ,মোবাইল : 01637-734684