
শিমুল হোসেন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়ন এর উজয়মারি এলাকায় জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। খরিদকৃত সম্পত্তিতে জোরপূর্বক ঘেরাবেড়া দেওয়া, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দা মোঃ আনছার গাজী (৫৮)। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার উজয়মারি গ্রামের মৃত গহর আলী গাজীর ছেলে মোঃ আনছার গাজীর খরিদকৃত ৪৬ শতক জমি দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছে। তবে একই এলাকার আমির আলী গাজীর ছেলে মোঃ রফিকুল ইসলাম (৩৫) ও মোঃ রাশিদুল ইসলাম (৩২) ওই জমি জবরদখলের পাঁয়তারা করে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, গত (২০ মে-২০২৬) দুপুর আনুমানিক ১২টার দিকে অভিযুক্তরা কোনো ধরনের আলোচনা ছাড়াই আমিন এনে ইচ্ছামতো জমি মাপজোক করে তার সম্পত্তিতে জোরপূর্বক ঘেরাবেড়া দেন। এসময় বাধা দিতে গেলে অভিযুক্তরা অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং মারধরের হুমকি দেন। এমনকি ভবিষ্যতে বাধা দিলে খুন-জখমসহ বিভিন্ন ধরনের ক্ষতির হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।অভিযোগে আরও বলা হয়, এর আগেও একই বিষয়কে কেন্দ্র করে আনছার গাজীকে মারধরের ঘটনা ঘটেছে। ফলে বর্তমানে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় ওই সম্পত্তিকে কেন্দ্র করে বড় ধরনের শান্তি-শৃঙ্খলার অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
এ ঘটনায় স্থানীয় কয়েকজনকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন মৃত গহর আলী গাজীর ছেলে মোঃ জমাত আলী গাজী এবং মোঃ সাইফুল ইসলামের স্ত্রী মোছাঃ মারিয়া সুলতানা। এদিকে অভিযুক্তদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।এ বিষয়ে কালীগঞ্জ থানা-এর অফিসার ইনচার্জ (ওসি) বলেন, অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply