
ফজলুল হক, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
নারী নির্যাতন বন্ধ করি, সমতার সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপন করা হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় কালিগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে কানাডিয়ান সংস্থার অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা অগ্রগতি-র আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু। সভা সঞ্চালনা করেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অণা চক্রবর্তী বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; এর পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি ও ইতিবাচক মানসিকতা গড়ে তোলা জরুরি।
নারীর ক্ষমতায়ন ও সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ নিশ্চিত করা গেলে নির্যাতন অনেকাংশেই রোধ করা সম্ভব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অগ্রগতির প্রোগ্রাম ডিরেক্টর মাহাবুবুর রহমান, বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আবু হাসান এবং জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান। তাঁরা নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, নারী সদস্য ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় নারী অধিকার, নিরাপত্তা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় নারী ও কন্যা শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ এবং নিরাপদ সমাজ গঠনে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১২ জন নারীকে সম্মাননা সনদ প্রদান করা হয়।
অগ্রগতি সংস্থার পরিচিতি
অগ্রগতি সংস্থা একটি বেসরকারী পর্যায়ের অলাভজনক প্রতিষ্ঠান। ১৯৮৮ সালের দূর্যোগের পর একটি ইয়ুথ স্বেচ্ছাসেবক দল বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের সহযোগিতা ও পূনর্বাসনের জন্য স্থানীয়ভাবে তহবিল সংগ্রহ করে এবং অসহায় মানুষের সহযোগিতা করেন। এই ইয়ুথ দলটির কার্যক্রম সফলভাবে পরিচালিত হওয়ার ফল হিসেবে রুপ নেয় অগ্রগতি সংস্থা। যেটি ১৯৯৯ সালে সমাজ সেবা অধিদপ্তরের নিবন্ধন লাভ করে। এরপর এই সংস্থাটি ২০০৪ সালে এনজিও বিষয়ক ব্যুরোর নিবন্ধন লাভ করে।
১৯৯৯ সাল থেকে এই সংস্থাটি” সুশাসনের মাধ্যমে মানবাধিকার প্রতিষ্ঠার” জন্য কাজ করে আসছে।
এই সংস্থার প্রধান কার্যালয় ত্রিশ মাইল মোড়, নগরঘাটা, পাটকেলঘাটা, সাতক্ষীরা। অগ্রগতি সংস্থা আন্তর্জাতিক পর্যায়ে কাঠমুন্ড- নেপাল এবং কলকাতা-ভারতে উন্নয়নমুলক কার্যক্রম পরিচালনা করছে এবং দেশীয় পর্যায়ে সাতক্ষীরা, যশোর, খুলনা, বাগেরহাট এবং বরিশাল জেলায় কার্যক্রম পরিচালিত হচ্ছে।
উল্লেখ্য যে অগ্রগতি সংস্থার বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষণ, সেমিনার, মিটিং পরিচালনার একটি সুন্দর, প্রাকৃতিক-মনোরম, আকর্ষনীয় ও দৃষ্টিনন্দন আবসিক রিসোর্ট আছে যেটি অগ্রগতি রিসোর্ট নামে পরিচালিত হচ্ছে।
Leave a Reply