
শেখ আরিফুজ্জামান রাজু:
সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার মৌতলা বাসস্ট্যান্ড সংলগ্ন নবপ্রতিষ্ঠিত লুমিনাস মডেল স্কুলের উদ্বোধনী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৫, অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
“শিক্ষাকে আধুনিক, মনোরম ও নবজাগরণের প্রতীক হিসেবে শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেওয়া”—এই প্রত্যয়কে সামনে রেখে একঝাঁক তরুণ-প্রবীণ স্বপ্নচারীর হাত ধরে যাত্রা শুরু করলো লুমিনাস মডেল স্কুল। আধুনিকতা ও মননশীল শিক্ষার প্রতীক হয়ে উঠতে তারা দৃঢ়প্রতিজ্ঞ।
সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশজুড়ে ছিল উৎসবের আবেশ। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মিলনমেলায় নবীনবরণ ও শুভ উদ্বোধনের আমেজ ছিল চোখে পড়ার মতো। রাস্তার দু’পাশজুড়ে লাল-নীল-সবুজ কাপড়ের ফ্ল্যাগ, রঙিন পোস্টার, আর সুসজ্জিত চাকচিক্যময় বেলুনের সমাহার যেন উপস্থিত মুরুব্বীদের ফিরিয়ে নিয়ে গিয়েছিল তাঁদের ছেলেবেলার স্মৃতির পাতায়।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষক, শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি ও অভিভাবকরা একযোগে ফিতা কেটে স্কুলের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাসে ও গর্বে নিজেদের নতুন শিক্ষাঙ্গনের পথচলাকে প্রাণবন্ত করে তোলে।
নবীনবরণ ও উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব এস এম জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দীপক বিশ্বাস (উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার), কালীগঞ্জ, সাতক্ষীরা।
প্রধান অলোচক জনাব ফেরদাউস মোড়ল(চেয়ারম্যান ১২ নং মৌতলা ইউনিয়ন পরিষদ), বিশেষ অতিথি জনাব মাসরুরা খাতুন(উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী রফিকুল ইসলাম বাটুল (সাবেক চেয়ারম্যান), শেখ আনিসুর রহমান হাবিবুল্লাহ, আনোয়ারুল ইসলাম (সহকারী শিক্ষক, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়), কাজী আবু সাঈদ, প্রভাষক শাহিনুর রহমান শিমু (রেজা এমপি কলেজ), প্রভাষক খান আব্দুস সেলিম, কাজী হাফিজ উদ্দিন বাবু ও আব্দুল্লাহ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জি এম গোলাম মোস্তফা, প্রতিষ্ঠাতা পরিষদ ও শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ারুল হক। শিক্ষার্থীদের মাধ্যমে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর শিক্ষার্থীরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয় এবং শিক্ষক-শিক্ষিকারা কোমলমতি নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় গ্রহণ করেন।
অনুষ্ঠানে শিক্ষক ও অভিভাবকরা আশাবাদ ব্যক্ত করেন—নতুন বছরে শিক্ষার্থীরা জ্ঞানের আলোয় আলোকিত হয়ে ফুলের মতো সুন্দর জীবন গড়ে তুলবে। শিক্ষার্থীদের অংশগ্রহণে স্কুল নিয়ে কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও সাহিত্যচর্চা অনুষ্ঠানে প্রাণের স্পন্দন যোগ করে।
এসময় অভিভাবকরা বিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং কেন তারা লুমিনাস মডেল স্কুলকে বেছে নিয়েছেন—সে বিষয়ে মতামত তুলে ধরেন। আলোচকবৃন্দ ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পর্ষদ লুমিনাস প্রতিষ্ঠার উদ্দেশ্য, লক্ষ্য ও মানসম্মত শিক্ষা বাস্তবায়নের রূপরেখা তথ্য-উপাত্তসহ উপস্থাপন করেন।
সবশেষে দুপুর ১২টা ৩০ মিনিটে মিষ্টান্ন পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
“মানসম্মত শিক্ষা—এইটাই মোদের প্রতিজ্ঞা”
এই মূলমন্ত্রকে ধারণ করে লুমিনাস মডেল স্কুল ভবিষ্যৎ প্রজন্ম গঠনে এক উজ্জ্বল আলোকবর্তিকা হয়ে উঠবে—এমন প্রত্যাশাই সবার।
লুমিনাস মডেল স্কুল এক ঝাক তরুণ মেধাবী ও চৌকস শিক্ষক শিক্ষিকার নেতৃত্বে পথচলা শুরু হয়েছে। তাঁরা হলেন মুহাঃ আনোয়ারুল হক,মিলন হোসেন,আব্দুল্লাহ আল মামুন,মনিকা ভারতী,মাহফুজা খাতুন,সাজমুন নাহার,রেবেকা সুলতানা।
Leave a Reply