
শিমুল হোসেন, কালিগঞ্জ,সাতক্ষীরা:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার আশিকুড়া (ধলবাড়িয়া) এলাকায় দীর্ঘদিনের পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এক গৃহবধূ ও তার শিশুকন্যার ওপর হামলা, হুমকি ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।এ ঘটনায় ভুক্তভোগী সুনিতা মন্ডল (২৫) কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে সুনিতা মন্ডল উল্লেখ করেন, প্রতিবেশী উজ্জ্বল মন্ডল (৩০), তার স্ত্রী সোনিয়া মন্ডল (২৪) এবং আত্মীয় করুণা মন্ডল (৩০) দীর্ঘদিন ধরে তাদের পরিবারের সাথে বিরোধে লিপ্ত।
এই বিরোধকে কেন্দ্র করে আসামিরা প্রায়ই অশ্লীল ভাষায় গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। তিনি আরও অভিযোগ করেন,জীবিকার তাগিদে তার স্বামী পাশ্ববর্তী দেশ ভারতে অবস্থান করায় সুযোগ পেয়ে ১নং বিবাদী উজ্জ্বল মন্ডল নিয়মিত তার মোবাইলে ফোন করে কু-প্রস্তাবসহ অবৈধ সম্পর্কের প্রলোভন দেখায়। শিশুকন্যাকে জোরপূর্বক বাড়িতে নেওয়ার অভিযোগ
গত (৯ নভেম্বর ২০২৫) দুপুর ১টার দিকে তার ৬ বছরের কন্যা পেখম মন্ডল স্কুল থেকে বাড়ি ফেরার পথে বিবাদীর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় উজ্জ্বল মন্ডল জোর পূর্বক তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। বিষয়টি জানতে পেরে সুনিতা মন্ডল উজ্জ্বল মন্ডলের কাকাতো বোন অর্পিতা মন্ডলকে ফোনে বিষয়টি জানালে উজ্জ্বল মন্ডল তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং কন্যাকে আনার উদ্দেশ্যে পথিমধ্যে মো. কাশেম গাজীর বাড়ির সামনে পৌঁছালে তিন বিবাদী সেখানে হামলা করে। অভিযোগ অনুযায়ী, সোনিয়া ও করুণা মন্ডলের ইন্ধনে উজ্জ্বল মন্ডল কাঠের লাঠি দিয়ে সুনিতা মন্ডলকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। এ সময় তার কানে থাকা এক জোড়া স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়া হয়।
হামলায় তার শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা ও রক্তাক্ত জখম হয়। তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে বিবাদীরা প্রাণনাশের হুমকি দিয়ে স্থান ত্যাগ করে। স্থানীয় একাধিক ব্যক্তি ঘটনাটির প্রত্যক্ষদর্শী হিসেবে উপস্থিত ছিলেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।এ বিষয়ে কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ আসলাম খান বলেন—“অভিযোগ হাতে পেয়েছি। তদন্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।ভুক্তভোগী নারী জানান, স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের পরামর্শে তিনি থানায় হাজির হয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছেন এবং ঘটনার সুষ্ঠু বিচার প্রার্থনা করেছেন।
Leave a Reply