
শিমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জের ইটনা উপজেলার চৌগাংগা শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫।দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল— “পরিচ্ছন্ন হাত, সুরক্ষিত স্বাস্থ্য— নিজের হাতেই নিজের ভবিষ্যৎ” এবং বৈশ্বিক বার্তা ছিল— “হাত ধোয়ার নায়ক হোন” (Be a Hand Hygiene Hero)।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব খলিলুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ লেহাজ উদ্দিন।অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব সৈকত দেবনাথ, কর্মসূচি সংগঠক, ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচি (আইডিপি), চৌগাংগা ইউনিট।এছাড়াও উপস্থিত ছিলেন মাঈদুল ইসলাম, সমন্বিত উন্নয়ন কর্মকর্তা, ব্র্যাক আইডিপি, চৌগাংগা ইউনিট, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তব্যে বক্তারা বলেন—পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হলো ডায়রিয়াজনিত রোগ। কলেরা, কৃমি, অমাশয়, চর্মরোগ ও পোলিওসহ এসব মল ও পানিবাহিত রোগের মূল কারণ অনুপযুক্ত স্বাস্থ্যবিধি।
বিশ্বজুড়ে প্রতিবছর ডায়রিয়ায় প্রায় ৫ লাখ শিশু মারা যায়, আর বাংলাদেশে শুধু ২০২০ সালেই মারা গেছে ৩৫ হাজারেরও বেশি মানুষ। গবেষণা বলছে— সাবান দিয়ে হাত ধুলে ডায়রিয়ার ঝুঁকি অন্তত ৪০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব।
সহকারী প্রধান শিক্ষক মোঃ লেহাজ উদ্দিন বলেন—
“শরীর ও সমাজের প্রথম সুরক্ষা শুরু হয় নিজের পরিচ্ছন্নতা দিয়ে। প্রতিদিন খাবারের আগে, শৌচাগার ব্যবহারের পর এবং বাইরে থেকে এসে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাসই পারে হাজারো সংক্রমণ থেকে আমাদের রক্ষা করতে।”এছাড়াও বক্তারা জানান, পরিষ্কার পানি ও সাবান দিয়ে অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ঘষে ধোয়া জরুরি। আঙুলের ফাঁক ও নখের নিচে সবচেয়ে বেশি জীবাণু থাকে, যা হাত না ধুলে তিন ঘণ্টা পর্যন্ত জীবিত থাকতে পারে।
অনুষ্ঠানে মাঈদুল ইসলাম শিক্ষার্থীদের হাতে-কলমে সঠিকভাবে হাত ধোয়ার প্রদর্শনী দেখান।পরে অনুষ্ঠিত হয় ‘হাত ধোয়া প্রতিযোগিতা’ ও কুইজ প্রতিযোগিতা, যেখানে সঠিকভাবে প্রদর্শনকারী ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান শিক্ষক খলিলুর রহমান।দিবসটি উপলক্ষে শিক্ষার্থীরা হাতে ব্যানার, পোস্টার ও সাবান নিয়ে শোভাযাত্রা করে “পরিষ্কার হাত, নিরাপদ জীবন” স্লোগানে বিদ্যালয় প্রাঙ্গণ মুখর করে তোলে।বক্তারা বলেন, শুধু একদিন নয়, প্রতিদিনই হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। পরিষ্কার হাতই সুস্থ জীবনের মূল চাবিকাঠি।
প্রধান শিক্ষক খলিলুর রহমান বলেন—“আমরা চাই, প্রতিটি শিক্ষার্থী নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হোক এবং অন্যকেও সচেতন করুক। আজকের শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে, তাই তাদের সুস্থ ও পরিচ্ছন্ন থাকা অত্যন্ত জরুরি।”স্থানীয় শিক্ষক সমাজ, ব্র্যাক কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫-এর এ অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।শেষে উপস্থিত সবাই সম্মিলিতভাবে অঙ্গীকার করেন “নিজের হাত পরিষ্কার রাখবো এবং অন্যকেও সুস্থ থাকার জন্য হাত ধোয়ার কথা বলবো।
Leave a Reply