
শিমুল হোসেন, কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কার্যক্রমকে ঘিরে নানা অনিয়ম, স্বচ্ছতার অভাব এবং অভিযোগ নিষ্পত্তিতে গড়িমসির অভিযোগে স্থানীয়দের মধ্যে অসন্তোষ বাড়ছে। বিশেষ করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গণমাধ্যমের প্রশ্ন এড়িয়ে যাওয়া এবং সাংবাদিক ও সাধারণ মানুষের ফোন রিসিভ না করায় তথ্যপ্রাপ্তি ব্যাহত হচ্ছে।সরেজমিন অনুসন্ধান ও একাধিক অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন, বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত, অভিযোগ তদন্ত, দাপ্তরিক কার্যক্রম এবং শিক্ষা-সংক্রান্ত নানা বিষয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন উঠলেও সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় অভিভাবক, শিক্ষানুরাগী ও সচেতন নাগরিকদের অভিযোগ, সরকারি দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তথ্য প্রদান এবং গণমাধ্যমের প্রশ্নের জবাব দেওয়া তাঁর দায়িত্বের অংশ। কিন্তু বিভিন্ন বিষয়ে বক্তব্য জানতে বারবার যোগাযোগ করা হলেও অধিকাংশ সময় তিনি ফোন রিসিভ করেন না কিংবা মন্তব্য দিতে অনীহা প্রকাশ করেন।
এতে অভিযোগের সত্যতা যাচাই এবং সরকারি সেবার স্বচ্ছতা নিশ্চিত করার প্রক্রিয়া ব্যাহত হচ্ছে বলে তারা দাবি করেন।অভিযোগকারীদের আরও দাবি, বিভিন্ন বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ও কমিটি গঠন নিয়ে ওঠা অভিযোগগুলো যথাযথভাবে তদন্ত ও নিষ্পত্তি না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে। এ অবস্থায় শিক্ষা অফিসের কার্যক্রমে অধিকতর জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত সাংবাদিকরা তাঁর কাছে ফোন রিসিভ না করার বিষয়ে জানতে চাইলে দিলীপ কুমার বিশ্বাস বলেন, “ফোন আমার কাছে সবসময় থাকে না। সেভ করা নম্বর ছাড়া সাধারণত ফোন রিসিভ করি না।
” তবে শিক্ষা অফিসের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ ও অনিয়মের বিষয়ে তিনি কোনো মন্তব্য না করে বিষয়টি এড়িয়ে যান।এ ঘটনায় স্থানীয়দের প্রশ্ন, একটি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা যদি সাধারণ নাগরিক ও গণমাধ্যমের সঙ্গে নিয়মিত যোগাযোগ না রাখেন, তাহলে জনসেবার স্বচ্ছতা ও জবাবদিহি কীভাবে নিশ্চিত হবে।এ বিষয়ে স্থানীয় সচেতন মহল এবং অভিভাবকরা অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
Leave a Reply