
শিমুল হোসেন, কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ১১ নম্বর রতনপুর ইউনিয়নের মোহাম্মদপুর– বাগমারী–তেলিখালী খালের ওপর নিজস্ব অর্থায়নে একটি বাঁশের সাঁকো নির্মাণ করে মানবিক উদ্যোগের দৃষ্টান্ত স্থাপন করেছেন রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক শেখ আলমগীর হোসেন। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টায় তিনি আনুষ্ঠানিকভাবে সাঁকোটির উদ্বোধন করেন।স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে খালটির ওপর কোনো সেতু বা সাঁকো না থাকায় শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষ, নারী ও বয়স্কসহ সাধারণ জনগণকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ত। বিষয়টি বিবেচনায় নিয়ে শেখ আলমগীর হোসেন সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে বাঁশের সাঁকো নির্মাণের উদ্যোগ নেন।
অল্প সময়ের মধ্যেই নির্মাণকাজ সম্পন্ন হওয়ায় এখন এলাকার শতাধিক মানুষের দৈনন্দিন যাতায়াত সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হয়েছে।সাঁকোর উদ্বোধনকালে শেখ আলমগীর হোসেন বলেন, “মানুষের কষ্ট লাঘব করা এবং তাদের নিরাপদ চলাচল নিশ্চিত করাই ছিল আমার এই উদ্যোগের মূল উদ্দেশ্য। মহান আল্লাহর অশেষ রহমতে কাজটি সম্পন্ন করতে পেরে আমি তাঁর দরবারে শুকরিয়া আদায় করছি।”তিনি আরও বলেন, “আমি চেয়ারম্যান হতে পারি, আবার নাও হতে পারি; কিন্তু মানুষের সেবার অঙ্গীকার ইনশাআল্লাহ আজীবন অটুট থাকবে। রতনপুর ইউনিয়নের মানুষের কল্যাণে সামর্থ্য অনুযায়ী ভবিষ্যতেও আরও জনসেবামূলক কাজ করে যেতে চাই। এজন্য সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।
পদ নয়—সেবা, ক্ষমতা নয়—দায়িত্ব; মানুষের কল্যাণই আমাদের পথচলার মূল লক্ষ্য।স্থানীয় বাসিন্দারা জানান, কোনো সরকারি বরাদ্দের অপেক্ষা না করে নিজস্ব অর্থায়নে শেখ আলমগীর হোসেনের এ জনকল্যাণমূলক উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তাঁদের মতে, জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার আগেই মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে তিনি যে উদ্যোগ নিয়েছেন, তা সমাজসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ভবিষ্যতেও তিনি এ ধরনের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এলাকাবাসী।সাঁকো উদ্বোধন ও নির্মাণকাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রতনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী রতনপুর ইউনিয়ন শাখার আমির ক্বারী আফতাবুজ্জামান, সেক্রেটারি মোশারফ হোসেন, ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি রফিকুল ইসলাম, পেশাজীবী সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী।
Leave a Reply