
যশোর প্রতিনিধি:
শুরু হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল জুনিয়র সাইন্স অলিম্পিয়ার্ড। যশোরের কৃতী শিক্ষার্থী রুফফাহ নূর জারিয়াহ অংশ নিচ্ছে আগ্রহভরে। আগামী ২২ নভেম্বর রাশিয়ায় যাচ্ছে বাংলাদেশ থেকে ৬ সদস্যের প্রতিনিধি, জারিয়াহ মনোনিত হয়েছে তাদেরই একজন হয়ে। ২০২৪ সালে পুলিশ লাইন বিদ্যালয়ে ১০ম শ্রেণিতে পড়া অবস্থায় ইন্টারন্যাশনাল নিউট্রিশন অলিম্পিয়ার্ডে কৃতিত্বের স্বাক্ষর রাখে। বর্তমানে রুফফাহ নূর জারিয়াহ যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে দ্বাদশ শ্রেণিতে অধ্যায়নরত। খাজুরা এম.এন মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জামাল হোসেন ও ঝিকরগাছা মহিলা কলেজের প্রভাষক মমতাজ পারভিনের দুই মেয়ের মধ্যে সে বড়।
রুফফাহ নূর জারিয়াহর পিতা জামাল হোসেন জানান, আল আরাফাহ ইসলামী ব্যাংক আয়োজিত ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে জাতীয় পর্যায়ে বিজয়ী হওয়ার পর ধাপে ধাপে ক্যাম্প সিলেকশন ও এক্সটেনশন ক্যাম্পের প্রতিযোগিতা শেষে বাংলাদেশের শীর্ষ ৬ জনের টিমে জায়গা করে নিয়েছে রুফফাহ। সারাদেশের ১৭ হাজার শিক্ষার্থীর মধ্য থেকে শুরু হয়ে একাধিক ধাপ পেরিয়ে সে এই সম্মান অর্জন করেছে।
রাশিয়ায় অনুষ্ঠিতব্য এই অলিম্পিয়াডে বিশ্বের অসংখ্য দেশ অংশ নেবে, আর সেখানেই বাংলাদেশের পতাকা উড়াবে আমাদের মেয়ে। রুফফাহ নূর জারিয়াহ’র মা শিক্ষিকা মমতাজ পারভিন জানান, আমার মেয়ের ভবিষ্যতে বুয়েটে লেখাপড়ার ইচ্ছা ও বড় হয়ে গবেষক হতে চায়।
Leave a Reply