
প্রতিবাদকারী: অপর্ণা মণ্ডল, কৃষ্ণনগর, কালিগঞ্জ, সাতক্ষীরা
গত ১ ডিসেম্বর ২০২৫ (সোমবার) দৈনিক যশোর বার্তা, দৈনিক সাতক্ষীরার সকাল, দৈনিক যুগের বার্তা, দৈনিক পত্রদূতসহ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে “সাতক্ষীরার কালিগঞ্জে পরকীয়ার জেরে গুলিবর্ষণ” শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, সে সংবাদের কিছু অংশে আমার নাম অপর্ণা মণ্ডলকে জড়িয়ে যে তথ্য পরিবেশন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি এ অসত্য সংবাদের তীব্র নিন্দা ও দৃঢ় প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদে দাবি করা হয়েছে যে ঘটনাটি নাকি আমার বাড়িতে সংঘটিত হয়েছে। বাস্তবতা হলো ঘটনাটি কৃষ্ণনগর সোতা মাঠ এলাকায় ঘটে, আমার বাড়িতে নয়। ইচ্ছাকৃতভাবে তথ্য বিকৃত করে সংবাদ পরিবেশন করা হয়েছে, যা সাংবাদিকতার নীতিমালা ও নৈতিকতার পরিপন্থী। আমি স্পষ্টভাবে জানাচ্ছি
আমার সঙ্গে ইয়ার আলী কিংবা তার পরিবারের কোনো সদস্যের কোনো সম্পর্ক নেই, কোনো যোগাযোগ নেই এবং কোনো ধরনের সম্পৃক্ততাও নেই। সংবাদে আমাকে পরকীয়া প্রেমিকা” হিসেবে উপস্থাপন করা সম্পূর্ণ মানহানিকর ও কুরুচিপূর্ণ অপপ্রচার।
প্রকৃতপক্ষে ঘটনাটি ইয়ার আলী ও তার পরিবারের অভ্যন্তরীণ পারিবারিক বিরোধ ও জটিলতার কারণেই ঘটেছে। উক্ত পারিবারিক সংঘাতের সঙ্গে আমার ন্যূনতম সম্পৃক্ততাও নেই। একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমাকে জড়িত দেখিয়ে সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা করছে, যা নিন্দনীয় ও দণ্ডনীয় অপরাধ।
আমি সংবাদ প্রকাশকারী সংশ্লিষ্ট পোর্টালগুলোকে সতর্ক করে জানাতে চাই-যাচাই-বাছাই ছাড়া মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে একজন নির্দোষ নারীর সম্মানহানি করা অত্যন্ত দায়িত্বহীন কাজ। অবিলম্বে সংশ্লিষ্ট সংবাদ অপসারণ ও লিখিত সংশোধনী প্রকাশের দাবি জানাচ্ছি। অন্যথায় আমার সুনামহানি ও মানসিক ক্ষতির কারণে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।
পাঠক ও সমাজের প্রতি অনুরোধ-মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ সমাজে বিভ্রান্তি ছড়ায় এবং ব্যক্তির মর্যাদা নষ্ট করে। তাই কোনো তথ্য যাচাই ছাড়া বিশ্বাস বা প্রচার না করার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি।
পরিশেষে, আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ অসত্য, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর। আমি এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ জানাচ্ছি এবং প্রয়োজনীয় সব আইনি ও সামাজিক উদ্যোগ গ্রহণ করবো।
Leave a Reply