
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সাতক্ষীরা-০৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ মুহা: রবিউল বাশারকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে উপজেলা প্রশাসন।
কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার তানিয়া আক্তার স্বাক্ষরিত নোটিশে জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় কোনো ধরনের পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও এ নির্দেশনা অমান্য করা হয়েছে।
অভিযোগের সংক্ষিপ্ত বিবরণে উল্লেখ করা হয়, সাতক্ষীরা-০৩ আসনের অন্তর্ভুক্ত ১২টি ইউনিয়নের প্রধান সড়কসহ ছোট-বড় বিভিন্ন সড়কজুড়ে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পোস্টার ঝুলানো হয়েছে। এ বিষয়ে ২২ জানুয়ারি ২০২৬ তারিখে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করা হয়।
নোটিশে আরও বলা হয়, অভিযোগের ভিত্তিতে প্রতীয়মান হয়েছে যে প্রার্থী অথবা তাঁর সমর্থিত ব্যক্তিবর্গ ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর বিধি ৭(ক) ও বিধি ১৮ লঙ্ঘন করেছেন, যা সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের পরিপন্থী এবং আইনত দণ্ডনীয় অপরাধ।
এমতাবস্থায় জরুরি ভিত্তিতে সকল প্রচার সামগ্রী অপসারণসহ কেন আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না—সে বিষয়ে আগামী ২৫ জানুয়ারি ২০২৬ (রবিবার) এর মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশটির অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দপ্তরসমূহে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply