
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাজারগ্রাম রহিমপুরে পৈতৃক সম্পত্তি দখলচেষ্টা ও হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৮ অক্টোবর) সকাল ৮টার দিকে। এ ঘটনায় ভুক্তভোগী মৃত কালিপদ দাসের ছেলে ছট্টু কুমার দাস কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ছট্টু দাসের পৈতৃক ৯ শতক রেকর্ডীয় সম্পত্তি রয়েছে। এর মধ্যে ১ শতক জমি তিনি জাপান সরকারের অর্থায়নে ইউনিয়ন পরিষদের মাধ্যমে পানির ফিল্টার স্থাপনের জন্য দান করেছেন। অবশিষ্ট জমির সামনে পাঁচটি দোকানঘর রয়েছে, যা দীর্ঘদিন ধরে তাদের দখল ও ভোগান্তে রয়েছে। সম্প্রতি সড়ক ও জনপথ রাস্তার কাজের সাথে দোকানঘর সরিয়ে নিয়ে নিজেদের রেকর্ডীয় সম্পত্তিতে ঘর বাধার সিদ্ধান্ত নিলে প্রতিপক্ষরা হামলা করে বাধা দেয়।
অভিযোগে আরও বলা হয়, উক্ত সম্পত্তি নিয়ে পূর্বে বিবাদীদের সঙ্গে বিরোধের জেরে আদালতে মামলা হলে সেখানে ছট্টু দাসের পক্ষে রায় হয়। তবুও শনিবার সকাল ৮টার দিকে ছট্টু দাস ও তাঁর পরিবারের সদস্যরা উক্ত সম্পত্তিতে পরিষ্কার-পরিচ্ছন্ন ও নির্মাণকাজ করছিলেন— এমন সময় একই এলাকার মোঃ রেজাউল সরদার, মোঃ সাইফুল সরদার, মোঃ রবিউল সরদারসহ আটজন ও আরও ৬-৭ জন অজ্ঞাত ব্যক্তি লাঠি সহ অন্যান্য জিনিস নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়।
এ সময় হামলাকারীরা ছট্টু দাস, তাঁর ভাই অনিল কৃষ্ণ দাস, ভাইপো শুশংকর দাস এবং সাংবাদিক সুকুমার দাস বাচ্চু সহ তার পরিবারের সদস্যদের ওপর এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। আমিনুর, সাত্তার, কামরুজ্জামান কামু স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন।
ভুক্তভোগী ছট্টু দাস অভিযোগে উল্লেখ করেন, বিবাদীরা প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে গেছে এবং যেকোনো সময় পুনরায় হামলার আশঙ্কা রয়েছে। তিনি শান্তিপূর্ণভাবে নিজ পৈতৃক সম্পত্তি ভোগদখলের সুযোগ ও আইনি সুরক্ষার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ প্রসঙ্গে কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভুক্তভোগীর ভাই সুকুমার দাস বাচ্চু জানান, এ নিয়ে বিভিন্ন সময়ে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা হয়েছে। প্রতিপক্ষদের বৈধ কোন কাগজপত্র নেই কিন্তু বিবাদীরা আইন অমান্য করে, আমাদের সকল কাগজপত্র বৈধ থাকা সত্ত্বেও, অন্যায়ভাবে জোরপূর্বক হামলা চালিয়ে সম্পত্তি দখলের চেষ্টা করেছে।
এ ঘটনায় কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ছট্টু কুমার দাস।
Leave a Reply